জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরের গাছা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে প্রেরণের আবেদন করেছে গাছা থানা পুলিশ। একই অভিযানে মো. হৃদয় নামে ডাকাতির প্রস্তুতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
আদালতে দাখিল করা প্রতিবেদনে পুলিশ জানায়, গাছা থানার মামলা নং-৫১, তারিখ ২৬ জুন ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় গ্রেপ্তার হওয়া মো. মিলন হোসেন (৩৫) ও মো. হাসান (২৯) সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের দাবি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৬ জুন রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে গাছা থানাধীন শরীফপুর এলাকার রশিদ মার্কেটের সামনে পাকা সড়কে কয়েকজন ডাকাত অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. হৃদয়কেও গ্রেপ্তার করা হয়।
অভিযানে ডাকাতদের ফেলে যাওয়া একটি পিকআপ, একটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের চাকু, একটি ধারালো চাকু এবং একটি হাতুড়িসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ৩ জুলাই রাত ২টা ৩০ মিনিটে গ্রেপ্তার আসামিদের থানায় হাজির করা হয়।
পুলিশ আরও জানায়, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এছাড়া তাদের দেওয়া নাম-ঠিকানা যাচাই-বাছাই সম্পন্ন হয়নি। তারা জামিন পেলে পলাতক হয়ে পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ কারণে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার আসামিদের জেলহাজতে আটক রাখার জন্য আদালতের কাছে আবেদন করেছে গাছা থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com