নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের গাছা এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত এক যুবদল নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।মামলার বাদী মো. মাসুদ রানা, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এবং বর্তমানে টঙ্গী এলাকায় বসবাসরত একজন ব্যবসায়ী। তিনি গাছা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে কুনিয়া এলাকার একটি কারখানা থেকে জুট (পাটজাত পণ্য) বোঝাই করে একটি ট্রাক টঙ্গী মিলগেটের উদ্দেশ্যে রওনা দেয়।অভিযোগে বলা হয়, কারখানার প্রধান ফটক অতিক্রম করার পরপরই অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড ও চেন নিয়ে ট্রাকে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে ট্রাক ও মালামালের প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
বাদীর অভিযোগ, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন সরকার রুবেল তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে ট্রাকটি যেতে দেওয়া হবে না এবং জুটসহ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে এবং পুলিশ ঘটনাস্থলের দিকে আসতে শুরু করলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে। যাওয়ার আগে তারা বাদী ও উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন সরকার রুবেল, হামিদুর রহমান, আশরাফুল হোসেন, আশরাফুল ইসলাম মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান সিজান, বাবু, ইব্রাহিম ও আহাদ মিয়া।
বাদী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় নিরীহ মানুষের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে আসছে।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com