গাজীপুরে শাপলা কলির গণজোয়ার: ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ১০ দলের বিশাল শোডাউন
- আপডেট সময় : ০৮:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে শাপলা কলি মার্কার সমর্থনে বিশাল জনসমুদ্র সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বাদ আসর গাছা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১০টি রাজনৈতিক দলের সমন্বয়ে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে সাইনবোর্ড মালেকের বাড়ী গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এদিন আসরের পর থেকেই গাছা থানার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বোর্ডবাজারে সমবেত হতে থাকেন। মুহূর্তেই পুরো এলাকা শাপলা কলি মার্কার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ১০ দলের এই সম্মিলিত অংশগ্রহণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শাপলা কলি মার্কার প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের বলেন, গাজীপুর-২ আসনের মানুষ আজ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ। বোর্ডবাজার থেকে মালেকের বাড়ী পর্যন্ত আজকের এই জনস্রোত প্রমাণ করে যে, সাধারণ মানুষ জুলুম ও দুর্নীতির হাত থেকে মুক্তি চায়। আমরা নির্বাচিত হলে এই শিল্প নগরীকে সন্ত্রাসমুক্ত ও পরিকল্পিতভাবে গড়ে তুলব।”
বিশেষ বক্তার বক্তব্যে গাছা থানা জামায়াতের আমির মো. মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, শাপলা কলি এখন জনগণের প্রাণের প্রতীকে পরিণত হয়েছে। কোনো ষড়যন্ত্রই এই গণজোয়ার রুখতে পারবে না। আমরা মাঠ ছাড়ব না, নির্বাচনের শেষ পর্যন্ত জনগণের ভোটের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও জনপ্রিয় নেতা খন্দকার আসাদ। তিনি স্থানীয় উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
মিছিলটি সাইনবোর্ড এলাকায় পৌঁছালে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অ্যাডভোকেট আলী নাসের। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি টানা হয়। নির্বাচনী পর্যবেক্ষকদের মতে, আজকের এই বিশাল শোডাউন গাজীপুর-২ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তনের আভাস দিচ্ছে।










