সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানকে অশ্রুসিক্ত বিদায়
- আপডেট সময় : ০৬:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, তরুণ ও সদালাপী সাংবাদিক নেতা মোঃ আব্দুল হামিদ খান আর নেই| দূরারোগ্য ব্যাধির সাথে দীর্ঘ লড়াই শেষে গত ১৫ মে, ২০২৬ খ্রি. শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় উত্তরা কামারপাড়াস্থ ‘আহসানীয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল’-এর আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর| তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন|
তিনি গাছা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মুক্ত খবর-এর জ্যেষ্ঠ প্রতিনিধি এবং দৈনিক বাংলাবেলা পত্রিকার সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন| তাঁর এই আকস্মিক বিদায় গাজীপুরের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে|
মরহুমের জানাজার নামাজে যেন মানুষের ঢল নেমেছিল| রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসীসহ কয়েক হাজার মানুষ জানাজায় শরিক হন| পুরো জানাজা অঙ্গন জুড়েই ছিল এক হৃদয়বিদারক পরিবেশ| সহকর্মী ও সাধারণ মানুষের চোখে ছিল অশ্রু, সবার চোখে-মুখে প্রিয় মানুষকে হারানোর গভীর বেদনা| উপস্থিত সবাই যেন শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন| জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়|
মোঃ আব্দুল হামিদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাছা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, স্থানীয় কর্মরত সাংবাদিক ও বন্ধুমহল| বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান|
স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মীরা বলেন, “আব্দুল হামিদ খান কেবল একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কন্ঠস্বর | তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং অমায়িক ব্যবহার আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে|”
জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান, গাছা থানা জামায়াতের আমির মিয়াজ উদ্দিন মাস্টার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর চেয়ারম্যান আবু জাফর চৌধুরী|
বক্তারা মরহুমের সততা, সাহসী সাংবাদিকতা ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন| নামাজ শেষে মরহুমের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, হিতৈষী, পরিবার ও সর্বস্তরের এলাকাবাসী তাঁর আত্মার শান্তির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন|










