গাজীপুরে বন্যপ্রাণী চোরাচালান চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরে বিপন্ন ঘোষিত বন্যপ্রাণী চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীও উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পাঁচজন হলেন, মনজুরুল হক, জাকির হোসেন, মো. লাল মিয়া, জহুরুল ইসলাম ও মোফাস্সেল।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপন্ন বন্যপ্রাণী চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে তিনটি বিপন্ন প্রজাতির হনুমান ও ১৫টি টিয়া পাখি উদ্ধার করে ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
পুলিশ উপকমিশনার আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে বিপন্নপ্রায় এসব প্রাণী অবৈধভাবে আটক করে নিয়মিতভাবে কেনাবেচা করে আসছে। এই ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে।















